
অস্ট্রেলিয়ার সিডনিতে বর্ণাঢ্যভাবে আয়োজন করা হলো বাংলা নববর্ষ-১৪৩৪। গতকাল ১৮ এপ্রিল(শনিবার) অস্ট্রেলিয়ায় বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সাবেক ছাত্ররা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এবারের বর্ষবরণের অনুষ্ঠানটি উৎযাপন করলো ।
সিডনির প্যারামাটা পার্কের নয়নাভিরাম পরিবেশে যথারীতি মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় এবারের বর্ষবরণ । এ সময় অধিকাংশ মানুষই বাঙ্গালির চিরাচরিত পোষাক পরিধান করে , বৈশাখীর গান গেয়ে এবং ব্যানার-ফ্যাস্টুন বা বাংলাদেশের পতাকা বহন করে পরিভ্রমণ করে ।
এবারের বাংলা নববর্ষের অনুষ্ঠানে মানুষের আগ্রহ ও উচ্ছাস ছিলো চোখে পড়ার মতো । অনেকেই প্রিয়জন, বন্ধু-বান্ধব ও অতিথিদের সাথে কুশল বিনিময় করতে গিয়ে আপ্লুত হয়ে পড়ে । তাছাড়া হরেক রকমের বাঙ্গালি খাবারের আয়োজন করা হয় এ আনন্দযজ্ঞে ।
অনুষ্ঠানের এক পর্যায়ে সংগঠনের অন্যতম সিনিয়র সদস্য তুষার রায়ের অনবদ্য আবৃত্তি আর আগত শিক্ষার্থীদের গান সকলকে মোহিত করে তোলে ।
গান আর আবৃত্তির পাশাপাশি বাচ্চাদের জন্য মজার খেলার আয়োজন করা হয়, যেখানে তারা খুবই আনন্দ করার সুযোগ পায় । তাছাড়া জগন্নাথ হলের প্রাক্তনী ও তাদের স্ত্রীদের জন্যও ছিলো ফান গেম ।
এবারের বর্ষবরণের অনুষ্ঠান সম্পর্কে জগন্নাথ হল অ্যালুমনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া’র সাভাপতি নিকেশ নাগ বলেন, ‘বাংলা নববর্ষ’ বাঙালি সংস্কৃতির শ্রেষ্ঠ উৎসব । তাই সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ এই অনুষ্ঠানটিকে সর্বাত্মক সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন । এজন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ।